বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

দুনিয়া-অরূপ রাহী



এত গাড়ি, এত এত উঁচা উঁচা, কাঁচ ঘেরা দালান! দালান! কেমনে বানায়!
এত মানুষের ভীড়! এত মার্কেট ! শপিং মল!
বিদেশী খাবারের দোকান! পিজা হাট। বড়লোকে খায় অইখানে? 
ঐযে দেখলাম জামাল ভাইয়ের মত যায়
অইজে দেখলাম মোমেনা আপার মত যায়।
অনেক। গার্মেন্টসএ কাম করে। 

আর কত প্যান্ট পড়া লোক! কত কত মহিলা রাস্তায়! 
কালো কাঁচে ঘেরা কত গাড়ী কইরা কারা কারা যায়? 

অইজে শিশু পলাপাইন! আমার বয়স। বস্তিবাসী নিশ্চয় এরা! 

অইজে সংসদ! অইখানে ঝগড়া-ঝাটি হয়। নেতারা মুখ খারাপ করে।

আল্লাহ! এত বড় রাস্তা ! এত বড় শান করা মাঠ! এরে কয় পার্ক!

এত আলো ! এত অন্ধকার! 

সবই আগে দেখছি টিভিতে। এই প্রথম বস্তজ্ঞানে দেখা! এই দেখা আসল আসল।
কেমনে হয় এমন শহর? রাজধানী? 

ঐযে শাপলা! এত বড়! 
ঐযে ঝর্না ! হা হা হা , শুকনায় ফোয়ারা দিছে!

অইজে বায়তুল মোকাররম!
আল্লাহ! একবার সেজদা দিতে চাই! একবার তোর নাম ডাকব এইখানে বুক ভরে!

মাকে গিয়া বলব আমি তার জন্যে হাত তুলছি 
বায়তুল মকারমে গিয়া!

বাপের জন্যে টুপি নিব। মাকে দিব জায়নামাজ। ছোট বইন সালমারে
নিয়া দিব ফাতেমা জীবনী! 

টাকা হবে এত! এত টাকা কই পাব আমি!

লিল্লাহ বোর্ডিং এ থাকি। মায়-বইনে খায় কি না খায়। 

এত গাড়ি, এত বাড়ি, এত এত খাবার দোকান, জুয়েলারি! 

এত এত শপিং দালান! মানুষের এত এত টাকা আসে কই থিকা, খোদা ?

আমার তো টাকা নাই। 
খোদা , যদি তোর রহমতে , আমার পকেটে আসে কয়টা মাত্র টাকা ! যদি আসে!

ফাতেমা জীবনী যদি নিতে পারি!
বাপ-মারে কিছু দিতে পারি!

খোদা! সব ঝাপসা লাগে কেন!
খোদা! এত অন্ধকার কেন?

খোদা! আমি কই যাইতেছি!
খোদা আমি মার কাছে যামু!

খোদা আমার আব্বা ডাকে মোরে !
খোদা আমার সালমা বইন ডাকে!

খোদা আমি রাস্তা পার হই!

খোদা আমি তোর নামে কই-
দুনিয়াটা মস্ত এক ঈমান আর বেইমানি খেলা!
মরনের আগে যদি পাই তার আরও একবেলা,
জগতের ইনসাফ জগতেই দিও তুমি প্রভু! 
তোমার শতেক নাম, কোনদিন ভুলি নাই কভু!

অরূপ রাহী। ৮-৫-২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন